বাংলাদেশ

নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা,নিহত ২

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১২:৪৩

কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

 

বার্তা সিলেট ডেস্ক : নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল বহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার। নিহতরা হলেন,কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।

জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু বলেন,আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হয়েছেন।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুও তাঁদের দুজন দলীয় নেতার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার জানান,বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মো. শাহিন ও সোহেল নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন