বাংলাদেশ

আইনজীবীকে মারধরের অভিযোগ,যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০৮:০৪

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

 

বার্তা সিলেট ডেস্ক : জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে। আজ মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান অভিযোগ করে বলেন,যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করেন নাজিবুর।

নাজিবুর রহমান বলেন,সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। তিনি বারবার বলেছেন,তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তারপরও তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে,মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য (এমপি) বলেন,এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন,আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম। নাজিবুর রহমান বলেন,আমরা আশা করেছিলাম,আমরা মবের বিরুদ্ধে কথা বলি,তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে,কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম।

বাংলাদেশ থেকে আরো পড়ুন