রাজনীতি

মুখোমুখী জামায়াত ও ইসলামী আন্দোলন : রহস্যঘেরা পোষ্ট

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১০:৪৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বার্তা সিলেট ডেস্ক : ১১ দল নিয়ে গঠিত জামায়াতের নির্বাচনী জোটের ৮টি দলের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ২৫৩ আসনে প্রার্থীতা ঘোষণার পর আজ সংবাদ সম্মেলন করেছে জোটের অন্যতম শক্তি ইসলামী আন্দোলন।তারাও আনুষ্ঠানিক ভাবে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে। এর পরপরই দুটি দলের মধ্যে পরস্পর বিরোধী কথা নিয়ে সয়লাব সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক।এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টে তিনি লেখেন,ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তায়ালাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের জোট ছাড়ার ঘোষণার প্রেক্ষাপটে এই পোস্টকে তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ‘ধৈর্য’ ও ‘সম্মান’-এর ওপর জোর দেয়াকে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই।

এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আসন ভাগাভাগি চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়। এতেই ধারণা জোরালো হয় যে, ইসলামী আন্দোলন হয়তো জোটে থাকছে না। এর ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটি জোটে না থাকার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। একই সঙ্গে জামায়াতের বিরুদ্ধে আসন সমঝোতা,রাজনৈতিক অবস্থান ও পারস্পরিক আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলে চরমোনাই পীরের দল। ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বক্তব্য দেয়া হয়। দলটি জানায়,আলোচনার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা হয়েছে এবং এখনো রাজনৈতিক সংলাপের পথ বন্ধ হয়নি। এরই মধ্যে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জোট ভাঙনের উত্তপ্ত আবহে তাঁর এই সংক্ষিপ্ত বার্তা অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ ও বহুমাত্রিক বলে বিবেচিত হয়েছে।

 

রাজনীতি থেকে আরো পড়ুন