শাপলা কলি প্রতীকে প্রার্থী ছেলে,পিতা বিএনপির সম্পাদক : ভোট চাইছেন ধানের শীষে
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১০:৩১
শাপলা কলি প্রতীকে প্রার্থী ছেলে,পিতা বিএনপির সম্পাদক,ভোট চাইছেন ধানের শীষে ।
বার্তা সিলেট ডেস্ক : শাপলা কলি প্রতীকে প্রার্থী ছেলে,পিতা বিএনপির সম্পাদক,ভোট চাইছেন ধানের শীষে । ছেলে মাহবুব আলম লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে। তবে বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে চলছে বিচিত্র ওই ঘটনা। এনসিপির প্রার্থীর নাম মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে-১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তার পিতার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়,মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করেন আজিজুর রহমান। তিনি বলেন,পরিবার আমার ব্যক্তিগত বিষয়। রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি। জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন,বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
রাজনীতি থেকে আরো পড়ুন
