রাজনীতি

নাহিদের লন্ডন সফরে হামলা, বৃটিশ আইনে তদন্ত চায় সরকার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০৮:৪৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি।

 

বার্তা সিলেট ডেস্ক : যুক্তরাজ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপির সফরকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত চেয়েছে সরকার। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইনে বিচারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর পরিচালিত এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয়। বিবৃতিতে বলা হয়,২০২৬ সালের ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বাংলাদেশ সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে,হামলার পেছনে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত ছিলেন। সন্ত্রাস ও সহিংসতার কারণে বাংলাদেশে যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়,ক্ষমতাচ্যুত শাসকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে। সরকার পুনর্ব্যক্ত করেছে,কোনো নাগরিক দেশে কিংবা বিদেশে নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা বা রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের শিকার হওয়া উচিত নয়।

 

রাজনীতি থেকে আরো পড়ুন