ছবি : সংগ্রীহিত
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে তাকে তার বাসা থেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ার) সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি। তবে তাকে কি অভিযোগে আটক করা হয়েছে তা জানানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগও দেয়া হয়নি।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে সকালে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। তার সঙ্গে কিছু ধারালো অস্ত্র জমা দেয়া হয়েছে। এসব সাধারণ ব্যবহার্য দা-ছুরি। মানিকের পরিবারের দাবি, বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে আনুমানিক ৩টার সময় নগরীর সুবিদবাজারের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় সেনা সদস্যরা।
মানিককে আটকের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওদিকে,সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক সেনাবাহিনীর অভিযানে আটকের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি বিএনপি। জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ জানান,বিষয়টির বিস্তারিত খোঁজ নিচ্ছেন তারা।
সিলেট থেকে আরো পড়ুন
